বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর নামে ছড়িয়ে পড়া একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে এবার সেই মন্তব্যকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই।
সম্প্রতি ব্রাজিলের আরেক কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানান, তিনি কখনোই মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিস্ময়ও প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ এরপর হাস্যরসের সুরে পুরো ঘটনার ব্যাখ্যা দেন তিনি। রোনালদোর ভাষায়, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।
তিনি আরো বলেন, *‘আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।’
রোনালদোর নামে যে বক্তব্যটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল, সেটি ছিল, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলেও অল্প সময়ের মধ্যেই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধিরা। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, সাবেক ব্রাজিলিয়ান তারকা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেননি এবং প্রচারিত মন্তব্যগুলো তার নয়।
তবে মেসির প্রশংসা যে তিনি কখনোই করেননি, এমন নয়। একবার বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়কের সাফল্য প্রসঙ্গে রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন