বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটতে না কাটতেই বড় পরিবর্তনের পথে হাঁটল স্কটল্যান্ড। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্টিভ ক্লার্ক।
আজ রোববার এক বিবৃতিতে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) ক্লার্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। উল্লেখযোগ্য বিষয় হলো, অল্প কিছুদিন আগেই জাতীয় দলের সঙ্গে নতুন চার বছরের চুক্তি করেছিলেন এই অভিজ্ঞ কোচ।
পদত্যাগের ঘোষণায় আবেগঘন বার্তা দেন স্টিভ ক্লার্ক। তিনি বলেন, সবচেয়ে কঠিন বিষয় হলো খেলোয়াড়দের ছেড়ে যাওয়া। ২০১৯ সাল থেকে একসঙ্গে কাজ করতে গিয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে, যা তিনি আজীবন মনে রাখবেন। দলের দায়িত্ব পালন করতে পারাকে নিজের জন্য বড় সম্মান বলেও উল্লেখ করেন তিনি এবং ভবিষ্যৎ কোচের জন্য শুভকামনা জানান।
বিশ্বকাপে স্কটল্যান্ডের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায় ব্রাজিলের কাছে ৩-০ গোলের পরাজয়ের পর। এরপর নকআউটে ওঠার সামান্য সম্ভাবনা থাকলেও ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-১ গোলের জয়ে সেই আশারও অবসান ঘটে।
সাত বছর আগে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সময় স্কটল্যান্ড দীর্ঘদিন ধরে বড় কোনো আন্তর্জাতিক আসরে খেলতে পারেনি। ক্লার্কের অধীনে দলটি টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করে।
তবে বড় আসরে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্কটিশরা। তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে তাদের একমাত্র জয় এসেছে চলতি বিশ্বকাপে হাইতির বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে।
স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল ক্লার্কের অবদানের প্রশংসা করে বলেন, বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নেওয়া হতাশাজনক হলেও গত সাত বছরে স্কটল্যান্ডের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে স্টিভ ক্লার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থানে ফিরে আসে, যা ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন