রবিবার, ০৫ জুলাই ২০২৬

শিরোনাম

আজ আমির খানের বিয়ে

রবিবার, জুলাই ৫, ২০২৬

প্রিন্ট করুন

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আজ (৫ জুলাই) জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন এই অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার সমুদ্রমুখী বিলাসবহুল বাড়িতেই বসছে একান্ত ঘরোয়া বিয়ের আয়োজন। জাঁকজমকের বদলে বরাবরের মতোই সাদামাটা আয়োজনকেই প্রাধান্য দিয়েছেন আমির ও গৌরী। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অতিথি আমন্ত্রিত। তাদের মধ্যে থাকবেন বলিউডের কয়েকজন প্রযোজক, পরিচালক এবং আমিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকর্মীরা।

মুম্বাইজুড়ে টানা বর্ষণের মধ্যেও থেমে নেই বিয়ের প্রস্তুতি। আমিরের বাড়ি আলোকসজ্জায় সাজানো হয়েছে, নিচে তৈরি করা হয়েছে প্যান্ডেল। অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের আয়োজন, যার পুরো তদারকি করছেন আমির ও গৌরী নিজেরাই।

এই বিয়ের আরেকটি বিশেষ দিক হলো, দুই পরিবারের সন্তানরাও থাকছেন এই আনন্দঘন আয়োজনে। আমিরের আগের দুই সংসারের সন্তানদের পাশাপাশি গৌরী স্প্র্যাটের আগের পক্ষের ছেলেও অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে জানা গেছে। ফলে এটি শুধু দুই মানুষের নয়, দুই পরিবারের মিলনমেলারও উপলক্ষ হয়ে উঠছে।

ইতিমধ্যে আমির খানের দুই সন্তান জুনাইদ খান, ইরা খান বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমিরের ‘লাগান’ সিনেমার নির্মাতা আশুতোষ গোয়ারিকরও উপস্থিত হয়েছেন।

আমির খানের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্যের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও সন্তানদের স্বার্থে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন। পারিবারিক নানা অনুষ্ঠানে এখনও তাদের একসঙ্গে দেখা যায়।

এরপর ২০০৫ সালের ডিসেম্বরে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তারা ছিলেন বলিউডের আলোচিত দম্পতিদের অন্যতম। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যান তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন