জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৮টি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। যদিও পরে এসব বিমান মেরামত করে আবারও কাজে ফেরানো হয়েছে।
তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট (ওয়ারথগ) যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বিমানটির একটি ডানা ভেঙে যায়।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করার পর তারা ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর পরই ইরান পালটা হামলা শুরু করে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ৮টি তেলবাহী ট্যাংকার, ২টি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন