মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

প্রিন্ট করুন

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় মাইকে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার নাজিবাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই একটি গণশুনানিতে যাওয়ার পথে মসজিদ থেকে আজানের শব্দ শুনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে পুলিশ মসজিদের মাইক জব্দ করে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে মামলা করে। আদালতে তোলার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, জেলার সব থানাকে ধর্মীয় উপাসনালয়গুলোতে ব্যবহৃত মাইকের শব্দ নির্ধারিত সীমার মধ্যে রয়েছে কি না, তা নিশ্চিত করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজনোরের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং বলেন, “ধর্মীয় স্থানে নির্ধারিত শব্দসীমার বাইরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।” তিনি জানান, সরকারি ও আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলাজুড়ে অভিযান চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন