ইরানের সঙ্গে চলমান সংঘাত কোনোভাবেই দীর্ঘস্থায়ী যুদ্ধে (ফরেভার ওয়ার) রূপ নিতে দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেইসঙ্গে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের পর অন্য অগ্রাধিকারগুলোতে ট্রাম্প প্রশাসন মনোযোগ দেবে বলেও জানান তিনি।
টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজ আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ভ্যান্স। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশাসনের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেন।
অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির এক ভোটার প্রশ্ন করেন, ব্যয়বহুল বিদেশি যুদ্ধে জড়িয়ে না পড়ার প্রতিশ্রুতি কি ট্রাম্প প্রশাসন রক্ষা করতে পেরেছে?
জবাবে ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ নিয়ে মানুষের হতাশা তিনি বুঝতে পারেন। ইরাক যুদ্ধে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
ভ্যান্স বলেন, গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধের ইতিহাস ৪৭ বছরের। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে কখনোই দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।
ভ্যান্স আরও বলেন, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করার অর্থ এই নয় যে সামরিক শক্তি ব্যবহারেরও বিরোধিতা করতে হবে।
তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন করবেন। এরপর প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেবে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন