শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শিরোনাম

২০২৭ সালের যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে বাড়ল অনিশ্চয়তা, নিবন্ধন আপাতত স্থগিত

শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি চালুর বিষয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির আপিল আদালত। ফলে আগামী ১ নভেম্বর থেকে নিবন্ধন শুরুর যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা আপাতত কার্যকর হচ্ছে না। এতে লটারিতে অংশ নিতে অপেক্ষায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালতের তিন বিচারকের একটি প্যানেল ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন। এর আগে অভিবাসনবিষয়ক আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল-এর মামলার পরিপ্রেক্ষিতে একটি ফেডারেল জেলা আদালত পররাষ্ট্র দপ্তরকে ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ দিয়েছিলেন।

রেড ঈগল ল জানিয়েছে, ডিভি কর্মসূচি চালু না করার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাবে। তবে আপিল আদালতের পর্যবেক্ষণে মামলাটি করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির যথাযথ আইনি অধিকার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন ডিভি কর্মসূচি স্থগিত করে। পরে ২০২৬ সালের আগস্টে আবারও ডিভি ভিসা ইস্যু বন্ধের ঘোষণা দেওয়া হয়। আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ২০২৭ সালের লটারি চালু হবে কি না, তা নিশ্চিত নয়।

ডিভি কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। ঐতিহাসিকভাবে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর হার কম, সেসব দেশের নাগরিকেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারেন। সম্ভাব্য আবেদনকারীদের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন