সিএন প্রতিবেদন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক বিক্রিই আরাকান আর্মির প্রধান আয়ের উৎস। এ কারণেই সংগঠনটি টিকে আছে।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, দেশে প্রচুর মাদক ঢুকছে, তবে আগের তুলনায় ধরা পড়ার পরিমাণও বেড়েছে। ইয়াবার পাশাপাশি নতুন নতুন ধরনের মাদক হোটেলগুলোতে ছড়িয়ে পড়ছে। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।
তিনি আরও বলেন, “আরাকান আর্মি এখন মিয়ানমারের সীমান্ত দখল করে নিয়েছে। তাদের মূল আয় মাদক থেকে এলেও সম্প্রতি কৃষিকাজে ঝুঁকছে। যদি কৃষির দিকে ঝোঁক বাড়ে, তাহলে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমবে। বর্তমানে প্রতিদিন লাখ লাখ ইয়াবা জব্দ করা হচ্ছে।”
এ সময় উপদেষ্টা ইলিশের প্রজনন কমে যাওয়া প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, এ সমস্যা সমাধানে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ডাকসু নির্বাচন একটি মডেল হিসেবে কাজ করছে। এখানে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সবাই উচ্চশিক্ষিত। জাতীয় নির্বাচনে আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ উপহার দিতে চাই।”






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন