গেল ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় রায়হান রাফি নির্মিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে চলচ্চিত্রটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে নিউইয়র্কেও সাড়া জাগিয়েছে সিনেমাটি। দেশটির টাইমস স্কোয়ার চত্বরের বিলবোর্ডে দেখা যাচ্ছে সুড়ঙ্গের ট্রেলার।
বুধবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও শেয়ার করেছেন সিনেমার নির্মাতা রায়হান রাফি। ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল।
ওই ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক শহরের কেন্দ্রস্থল ম্যানহাটনে অবস্থিত টাইমস স্কয়ার সড়ক চত্বরের একটি বিলবোর্ডে চলছে ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার। এটি প্রতি ঘণ্টায় ৪ বার করে রাত ১১টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
শুধু নিউইয়র্কেই নয়, আগামী ২১ জুলাই ভারতেও অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তমা মির্জা ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। বলা যায়, প্রথম চলচ্চিত্রেই বাজিমাত করেছেন এই অভিনেতা।
পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশনার দায়িত্বে রয়েছেন ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ। ইতোমধ্যে দেশটিতে মুক্তি উপলক্ষে রোববার (১৬ জুলাই) ‘সুড়ঙ্গ’র ট্রেলার প্রকাশ করেছে এসভিএফও। নতুন ট্রেলারটি দেখার পর ওপার বাংলার অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।
‘সুড়ঙ্গ’-তে আফরান নিশোর-তমা মির্জা ছাড়া আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন