বুধবার, ২২ জুলাই ২০২৬

শিরোনাম

‘আলোচনা করতে চাইলে সরকারকেই আমাদের কাছে আসতে হবে’

বুধবার, জুলাই ২২, ২০২৬

প্রিন্ট করুন

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনার শর্ত জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকার যদি আলোচনা করতে চায়, তাহলে তাদেরই আন্দোলনকারীদের কাছে আসতে হবে।

বুধবার যন্তর-মন্তরে আন্দোলনস্থলে সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকার যদি কথা বলতে চায়, তাহলে তাদের এখানেই আসতে হবে। আমাদের শর্ত মেনেই আলোচনা করতে হবে।’ দীপকে আরও বলেন, ‘সরকারের অহংকারের অবসান হওয়া উচিত। আমরা চাই, তারা আমাদের দাবিগুলো মেনে নিক।’

অন্যদিকে সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আন্দোলনকারীরা আলোচনায় এলে সরকার প্রস্তুত রয়েছে।

তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আলোচনা যন্তর-মন্তর বা নিরপেক্ষ কোনো স্থানে হতে পারে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবেন না। এদিন দুপুরে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার দীপকে অভিযোগ করেন, একদিকে সরকার আলোচনার আহ্বান জানালেও অন্যদিকে আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযান চালিয়েছে। তার দাবি, সরকারের ডাকে আলোচনায় যাওয়া সিজেপির প্রতিনিধিদের কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল, যাতে আন্দোলনের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হবে বলে আশ্বাস দেন।

এদিকে যন্তর-মন্তরে কড়া নিরাপত্তার মধ্যে আন্দোলন অব্যাহত রয়েছে। এর আগে সংসদ অভিমুখে মিছিলের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন