শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শিরোনাম

সোমালিয়ায় বন্যার শঙ্কা, ঘরছাড়া হতে পারেন ৮ লাখ ৭৪ হাজার মানুষ

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

প্রিন্ট করুন

সোমালিয়ায় ভারি বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির কারণে আগামী তিন মাসে প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য এই বাস্তুচ্যুতির ৯২ শতাংশের জন্য দায়ী হতে পারে বন্যা।

বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত আইওএমের পূর্বাভাস অনুযায়ী, সংস্থাটি ও ডেনিশ রিফিউজি কাউন্সিলের যৌথ বিশ্লেষণে ৮ লাখ ৭৪ হাজার ৩১৯ মানুষের বাস্তুচ্যুতির আশঙ্কা করা হয়েছে।

সোমালিয়া এমন এক সময়ে নতুন দুর্যোগের ঝুঁকিতে পড়েছে, যখন দেশটির বহু মানুষ দীর্ঘদিনের খরা ও বারবার বাস্তুচ্যুত হওয়ার সংকটে রয়েছেন। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। এল নিনোর প্রভাবও পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

আইওএমের তথ্যানুযায়ী, বেলেদওয়েইন ও গালকায়ো এলাকায় বাস্তুচ্যুতির ঝুঁকি বেশি। এসব এলাকায় যথাক্রমে প্রায় দুই লাখ ২৯ হাজার ও ৮২ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছেন।

বন্যায় ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পানির উৎস দূষিত হতে পারে। ব্যাহত হতে পারে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা কার্যক্রম। এতে আগে থেকেই সংকটে থাকা জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বন্যার প্রস্তুতি ও মোকাবিলায় প্রয়োজনীয় এক কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের মাত্র ১৪ দশমিক ৪ শতাংশ অর্থ পেয়েছে আইওএম। সংস্থাটি আগাম সতর্কতা, নিরাপদে সরিয়ে নেওয়ার পথ প্রস্তুত এবং জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন