বুধবার, ১৭ জুন ২০২৬

শিরোনাম

ইরান যুদ্ধ চলাকালে গোপনে ইসরাইল সফর করেছিল আমিরাতের জ্যেষ্ঠ নিরাপত্তা প্রতিনিধি দল

বুধবার, জুন ১৭, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা প্রতিনিধি দল গোপনে ইসরাইল সফর করেছিল বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। দেশ দুটির মধ্যে চলমান নিরাপত্তা ও সামরিক সমন্বয়ের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ এক প্রতিবেদনে জানায়, প্রতিনিধি দলটি ইসরাইলের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করে। এসব বৈঠকে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর পরপরই এই সফর অনুষ্ঠিত হয়। যুদ্ধ চলমান অবস্থায় আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরাইলে যান বলেও দাবি করা হয়েছে।

কান ১১ জানায়, প্রতিনিধি দলটি ইসরাইলের নিরাপত্তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। আলোচনার মূল বিষয় ছিল ইরানবিরোধী যুদ্ধের সময় দুই দেশের নিরাপত্তা সমন্বয় এবং এর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক পরিস্থিতি।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধি দলটি একটি বিশেষ ভিআইপি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে করে ইসরাইলে পৌঁছায়। উড়োজাহাজটি সাধারণত আমিরাতের শাসক পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত। তবে প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছিল, ইরান যুদ্ধ চলাকালে নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।

তবে পরে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের ওই দাবি প্রত্যাখ্যান করে। একই সঙ্গে তারা নিজেদের ভূখণ্ডে কোনো ইসরাইলি সামরিক প্রতিনিধি দলকে আতিথ্য দেওয়ার অভিযোগও অস্বীকার করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন