বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কুমিল্লায় মো. শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মিশরের সমর্থক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যে ফুটবল ম্যাচ চলার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন ক্ষুব্ধ হয়ে শরিফুল ইসলামের মাথায় আঘাত করে। গুরুতর আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন