ইরানের বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আইআরজিসির স্থলবাহিনী কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন কমান্ডারের কমান্ড পোস্ট ও আবাসস্থল লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে ইরানি বাহিনী। এতে কয়েকজন ‘শত্রু’ সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, জর্ডান, বাহরাইন ও ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পাশাপাশি একই সময়ে আলি আল-সালেম বিমানঘাঁটিতে এই অভিযান চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত ড্রোন রাখার হ্যাঙ্গার ও ড্রোন মোতায়েনের র্যাম্পে আগুন ধরে যায়। এতে কয়েকটি ড্রোনও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানি বাহিনী অভিযোগ করেছে, মানবাধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’ করে মার্কিন সেনাবাহিনী সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানকে শোকে পরিণত করেছে। তাদের দাবি, একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় ৭০ জন নিরপরাধ মানুষ আহত হন। তাদের মধ্যে একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন।
তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন