যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানের আকাবা উপসাগরীয় উপকূলে মার্কিন মেরিন সেনাদের একটি ঘাঁটিতে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। খবর মেহের নিউজ এজেন্সির।
আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত এই হামলা ছিল ‘আগ্রাসী শক্তিকে শাস্তি দেওয়ার’ লক্ষ্যে চলমান অভিযানের দ্বিতীয় ধাপ। এতে জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প তিবতিন লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইরানি বাহিনীর দাবি, হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ঘাঁটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আক্রমণকারী হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
আইআরজিসি বলেছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এ পাল্টা হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় একটি শিশুসহ প্রায় ৫০ জন নিহত বা আহত হয়েছেন।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, ওই হামলা মিনাবের একটি স্কুল এবং লামার্দের একটি ক্রীড়া হলে চালানো হামলার ‘বর্বরতাকে পুনরুজ্জীবিত করেছে’।
বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘পরাজিত’ আখ্যা দিয়ে দাবি করেছে, ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি মোকাবিলার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। একই সঙ্গে ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।
তবে ইরানের এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন