মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিরোনাম

ডাকসুতে ২৮ পদের ২৩ টিতেই শিবিরের জয়

বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) এবারের নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জয়ী হয়েছে ২৩টিতে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ভিপি পদে নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে একই জোটের এস এম ফরহাদ জয়ী হয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদে জোটের মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

এ ছাড়া আরও ২০ পদে জয় এসেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ঝুলিতে। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার এবং আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম।

প্যানেলের বাইরে পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা। সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বী, আর সদস্য পদে জয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এবার ডাকসুতে ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন