রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শিরোনাম

দেশে মজুত থাকা গ্যাস ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

প্রিন্ট করুন

বর্তমানে দেশে যে পরিমাণ গ্যাস মজুদ আছে তা দিয়ে ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রমে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এরমধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ গ্যাসের পরিমাণ ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান কমবেশি দৈনিক ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট গ্যাস আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে।

সংসদে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, পেট্রোবাংলা কর্তৃক ৫০-১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মপরিকল্পনার আওতায় অদ্যাবধি ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কূপগুলো খনন এবং ওয়ার্কওভারের লক্ষ্যে কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন