বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শিরোনাম

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

প্রিন্ট করুন

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। এর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে পাসপোর্টে।

এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ছয় বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ বাদ দেওয়া হয়। নতুন সরকারি আদেশে পাসপোর্টে আবারও ফিরছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দেশের নাগরিকরা।

তবে শুধু শব্দবন্ধ নয়, ই-পাসপোর্টের ভিজ্যুয়াল পরিচয়ও বদলাচ্ছে। নতুন জলছাপে জায়গা পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, উত্তরায় পানি হাতে থাকা মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের ছবি। এছাড়া জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাস যুক্ত হচ্ছে পাসপোর্টে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ‘‘বিএনপি সরকার যদি পুরনো সেই প্রতীকগুলো, অর্থাৎ ‘ফ্যাসিবাদী প্রতীক’ ও ‘কর্তৃত্ববাদী প্রতীক’ মুছে, দূর করে বা বাদ দিয়ে আমাদের গণ-অভ্যুত্থানের শক্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং বাংলাদেশের মানুষের প্রতীকগুলো ব্যবহার করে, তাহলে অবশ্যই আমি এটিকে সাধুবাদ জানাই।’’

তবে পুরনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন নেই। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট প্রদান করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন