মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিরোনাম

মোনাকোতে ‘বিরল’ পার্সেল বোমা বিস্ফোরণ, পরিবারের ২ সদস্যসহ আহত ইউক্রেনীয় ধনকুবের

মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

প্রিন্ট করুন

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা বিস্ফোরণে ইউক্রেনের ধনকুবের ব্যবসায়ী ভাদিম ইয়েরমোলায়েভ এবং তার পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। ফরাসি ও ইউক্রেনীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আহত অন্য দুজন হলেন ইয়েরমোলায়েভের সঙ্গী এবং তার ১৩ বছর বয়সি ছেলে। হামলার পর ইয়েরমোলায়েভ তার সঙ্গী দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় সময় রাত ৯টার কিছু আগে ফ্রান্স সীমান্তসংলগ্ন র্র রেভেরঁ পের লুই ফ্রোলা সড়কের একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মোনাকো সরকার জানিয়েছে, এটি একটি পার্সেল বোমার বিস্ফোরণ। দেশটির মন্ত্রীপরিষদের প্রধান ক্রিস্টোফ মিরমান্দ এএফপিকে বলেন, বিস্ফোরকটির ভেতরে নাট-বল্টু ও ধাতব পেলেট ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, এটি পরিকল্পিত হামলা এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফরাসি দৈনিক লে ফিগারো জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের কিছুক্ষণ আগে এক ব্যক্তি ভবনের লবিতে একটি ব্যাকপ্যাক রেখে চলে যান।

মোনাকো সরকারের ভাষ্য, হামলার পর ওই সন্দেহভাজনকে হেঁটে ফ্রান্সের দিকে পালিয়ে যেতে দেখা গেছে।

মোনাকো সরকারের প্রধান ক্রিস্টোফ মিরমান্দ বলেন, ‘আমার জানা মতে, মোনাকোর ইতিহাসে এই প্রথম এমন ধরনের হামলার ঘটনা ঘটল।’

আহত তিনজনকে চিকিৎসার জন্য ফ্রান্সের নিস শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

মোনাকোর শাসক প্রিন্স আলবার্ট দ্বিতীয় এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ এবং ‘পুরো মোনাকোবাসীর জন্য গভীর ধাক্কা’ বলে মন্তব্য করেছেন।

তিনি জানান, মোনাকোর সংশ্লিষ্ট সব সংস্থা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ভাদিম ইয়েরমোলায়েভ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি কয়েক বছর আগে ইউক্রেন ছেড়ে বিদেশে চলে যান। ২০২৩ সালের ডিসেম্বরে ইউক্রেন সরকার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন