মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শিরোনাম

রাতে সালাহর মিসরের বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

প্রিন্ট করুন

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চোখ আজ আটলান্টার দিকে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান পাওয়ারহাউস মিসর।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালে ওঠার এই মরণপণ লড়াইয়ে দুই দলের দুই সেরা ‘নম্বর ১০’ লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর মাঠের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে কোটি দর্শক।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টের অন্যতম প্রধান শিরোপাপ্রত্যাশী দল হলেও নকআউট পর্বের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। রাউন্ড অব ৩২-এ পুঁচকে কেপ ভার্দের বিরুদ্ধে চরম পরীক্ষার মুখে পড়তে হয়েছিল লিওনেল স্কালোনির দলকে।

নির্ধারিত সময়ে মীমাংসা না হওয়া সেই ম্যাচে অতিরিক্ত সময়ে কোনোমতে ৩-২ গোলের ঘামঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। তবে দলের সবচেয়ে বড় স্বস্তি অধিনায়ক লিওনেল মেসি জাদুকরি ফর্মে আছেন।

চলতি আসরে প্রতি ম্যাচেই গোল করে বিশ্বকাপে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ২০-এ নিয়ে গেছেন তিনি, যা বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসর ফুটবল দল ইতিমধ্যে নিজেদের ইতিহাসে এক নতুন রূপকথা লিখে ফেলেছে। রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় থাকার পর, টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় দ্য ফারাওরা। আর এই জয়ের মধ্য দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কাটে মিসর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন