বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। রোববার ঢাকায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে প্রদর্শিত পতাকা ও নতুন লোগো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
নতুন লোগোতে সবুজ পতাকার ভেতর কিতাবের ওপর উদীয়মান সূর্য ও কলম রাখা হয়েছে। কলমটি ব্যবহার করা হয়েছে দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে।
তবে দলীয় নেতাকর্মীসহ রাজনৈতিক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মনে করছেন, জামায়াত নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে। আবার অনেকে বলছেন, এতে দলের ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক কর্মী বলেন, “জামায়াতকে ইসলামি দল হিসেবেই মানুষ চেনে। নতুন লোগোতে ‘আল্লাহ’ ও ‘আকিমুদ দ্বীন’ বাদ দিলে বিভ্রান্তি তৈরি হবে।”
ফেসবুকে এক পোস্টে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য নুরুল হুদা হাবিব লিখেছেন, “পুরোনো লোগোতেই ছিল ভাবগাম্ভীর্য ও ঐতিহ্য। নতুন লোগো মেনে নেওয়া কঠিন।”
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম বলেন, “আমাদের লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। বেশ কয়েকটি ডিজাইন করা হয়েছে। যে লোগোটি সামাজিক মাধ্যমে এসেছে, সেটি চূড়ান্ত নয়। কয়েক দিনের মধ্যে অফিসিয়াল লোগো প্রকাশ করা হবে।”



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন