কোনোভাবেই ঋণের বোঝা মাথা থেকে সরছে না যুক্তরাষ্ট্রের বরং সংকট যেন আরও গভীর হওয়ার পর্যায়ে যাচ্ছে। দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতিতে আরও ১ ট্রিলিয়ন বা ১০০ লাখ কোটি ডলার যোগ হয়েছে। অর্থাৎ পাঁচ মাস ধরে প্রতি সপ্তাহে গড়ে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিয়েছে ট্রাম্পের কেন্দ্রীয় সরকার। (পাঁচ মাসে ২০ সপ্তাহ)
২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ করা সিবিওর মাসিক বাজেট পর্যালোচনা প্রতিবেদনে দেখানো হয়েছে, গত মাসেই সরকার আনুমানিক ৩০৮ বিলিয়ন বা ৩০ হাজার ৮০০ কোটি ডলার ঋণ নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এই প্রতিবেদন প্রকাশ করে সিবিও।
স্বাভাবিকভাবেই বেশি ঋণ নেওয়ার সঙ্গে সঙ্গে ঋণের ওপর সুদের খরচও বাড়ছে। ২০২৫ সালের অক্টোবর (যখন ২০২৬ অর্থবছর শুরু হয়) থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সরকারি ঋণের ওপর নিট সুদ বাবদ যুক্তরাষ্ট্রের ট্রেজারিকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়কে আগের বছরের তুলনায় অতিরিক্ত ৩১ বিলিয়ন বা ৩ হাজার ১০০ ডলার খরচ করতে হয়েছে।
ফলে মাত্র পাঁচ মাসেই সরকারি ঋণের সুদ পরিশোধে ট্রেজারিকে মোট ৪৩৩ বিলিয়ন ৪৩ হাজার ৩০০ ডলার ব্যয় করতে হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণের পরিমাণ প্রায় ৩৮ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।
সিবিও বলেছে, সুদ বাবদ ব্যয় বেড়েছে কারণ- ২০২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় এখন ঋণের পরিমাণ বেশি এবং দীর্ঘমেয়াদি সুদের হারও বেশি। তবে সংস্থাটি আরও জানিয়েছে, স্বল্পমেয়াদি সুদের হার কমে যাওয়ায় সুদ পরিশোধের মোট ব্যয় বৃদ্ধির প্রভাব কিছুটা কমেছে।
অত্যন্ত বড় অঙ্কের এই ঘাটতি সত্ত্বেও আগের বছরের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একই সময়ে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ছিল এ বছরের তুলনায় ১৪২ বিলিয়ন ডলার বেশি।
তবে এই উন্নতি বাজেট ঘাটতি নিয়ে উদ্বিগ্ন নীতিনির্ধারকদের খুব বেশি আশ্বস্ত করতে পারছে না। যুক্তরাষ্ট্রের বাজেট শৃঙ্খলা জোরদারের দাবিতে সক্রিয় সংগঠন কমিটি ফর এ রেসপনসিবল ফেডারেল বাজেট (সিআরএফবি)-এর প্রেসিডেন্ট মায়া ম্যাকগিনিয়াস বলেছেন, চলতি বছর সরকারি ঋণের সুদ পরিশোধের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং ২০৩৬ সালের মধ্যে তা ২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে।
তিনি বলেন, এই পরিস্থিতি টেকসই হতে পারে না। ম্যাকগিনিয়াস আরও বলেন, আমাদের আর্থিক সমস্যাগুলো নিজে নিজে সমাধান হবে না। নীতিনির্ধারকদের একসঙ্গে বসে বাজেট ঘাটতি কমানোর বিষয়ে একমত হতে হবে। জিডিপির তুলনায় ৩ শতাংশ ঘাটতির লক্ষ্য নির্ধারণ করা একটি ভালো সূচনা হতে পারে ও অর্থনীতির আকারের তুলনায় জাতীয় ঋণকে একটি টেকসই নিম্নমুখী পথে আনতে হবে।
অর্থনীতিবিদরা অবশ্য মোট ঋণের পরিমাণ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। কারণ সরকারি ঋণ বৈশ্বিক আর্থিক বাজারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তাদের মতে, বেশি গুরুত্বপূর্ণ হলো ঋণ-টু-জিডিপি অনুপাত, যা একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় ঋণের পরিমাণ নির্দেশ করে। এই অনুপাত যদি খুব বেশি ভারসাম্যহীন হয়ে যায়, তাহলে সুদ পরিশোধে বিপুল অর্থ ব্যয়ের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে।
যদিও জিডিপির তুলনায় ৩ শতাংশ বাজেট ঘাটতির লক্ষ্য নির্ধারণ করা সরাসরি ঋণ-টু-জিডিপি অনুপাত নয়, তবু এটি সরকারি ঋণ নেওয়াকে দেশের অর্থনৈতিক উৎপাদনের সঙ্গে যুক্ত করে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি-টু-জিডিপি অনুপাত সাধারণত ৫ থেকে ৬ শতাংশের মধ্যে অবস্থান করেছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন