ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের ‘আশ্রয় দেওয়া’ ও ভারতের বিরুদ্ধে ‘তৎপরতা’ চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসে পরিণত হবে’।
শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে।
জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হবে।’
ভারতের সেনাপ্রধানের এই মন্তব্য এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বার্ষিকী পালনের কয়েকদিন পর।
গত বছরের ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। ইসলামাবাদের বিরুদ্ধে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী।
এরপর পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান শুরু করে।
দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী চলা সামরিক সংঘাত শেষ হয় গত বছরের ১০ মে সন্ধ্যায়, যখন উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন