মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’ বলে সতর্ক করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (২৪ জুন) জাহাজমালিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় আইআরজিসি জানায়, তেহরানের সঙ্গে সমন্বয় না করে নতুন কোনো নৌপথ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
আইআরজিসির এই কঠোর অবস্থান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার দৃঢ় সংকল্পেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহণপথ পুনরায় চালুর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
স্থানীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, কেবল ইরান নির্ধারিত নৌপথেই জাহাজ চলাচল করতে পারবে এবং নির্ধারিত যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। নির্ধারিত করিডরের বাইরে চলাচলকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সব জাহাজকে তা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে একটি আন্তর্জাতিক নৌ-তথ্য সংস্থা বিকল্প নৌপথ ব্যবহারের প্রস্তাব দেয়। সংস্থাটি জাহাজমালিকদের ওমানের আঞ্চলিক জলসীমা ঘেঁষে দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করার পরামর্শ দেয় এবং জানায়, ওই পথটি মাইনমুক্ত বলে নিশ্চিত করা হয়েছে।
তবে সাম্প্রতিক তথ্য বলছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়ছে। জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিনট্রাফিকের তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্রণালি দিয়ে ৯৩টি জাহাজ চলাচল করেছে, যা আগের তুলনায় তিন গুণ বেশি। তবুও যুদ্ধ-পূর্ব সময়ে প্রতিদিন ১০০টিরও বেশি জাহাজ চলাচলের তুলনায় এই সংখ্যা অনেক কম।
আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান হেলিমা ক্রফট বলেছেন, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের যে মাত্রা ছিল, তা সম্ভবত দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ পর্যায় হিসেবেই বিবেচিত হবে।
বৃহস্পতিবার গ্রাহকদের উদ্দেশে পাঠানো এক নোটে তিনি বলেন, সংঘাতের এমন কোনো সমাপ্তি যদি ঘটে, যেখানে ইরান হরমুজ প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও প্রভাব বজায় রাখে, তাহলে আমাদের মতে এই জলপথ দিয়ে তেল ও পণ্য পরিবহণের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন