জাপানের চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী টোকিওর আশপাশের এলাকাও কেঁপে ওঠে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর আনাদোলুর।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি ঘটে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে, প্রায় ৫০ কিলোমিটার গভীরতায়।
কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির সর্বোচ্চ তীব্রতা ছিল জাপানের ৭ মাত্রার স্কেলে ৪।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং এর কেন্দ্র ছিল ইয়োকোসিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, প্রায় ৫৬ কিলোমিটার গভীরতায়।
এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯।
ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার (বা প্রায় ২১ মাইল) উত্তর-পূর্বে ৫১.৭ কিলোমিটার (বা প্রায় ৩২ মাইল) গভীরে আঘাত হানে।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন