চট্টগ্রামের কর্ণফুলী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, কর্ণফুলী থানায় কর্মরত থাকাকালীন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তার কঠোর অবস্থানের কারণে সুবিধা করতে না পারা একটি বিশেষ গোষ্ঠী এবং অপরাধীরা এখন তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত কয়েকদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে জড়িয়ে কিছু ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, যার কোনো সত্যতা নেই।
এলাকাবাসীর একাংশ জানান, সাবেক ওসি মুহাম্মদ শরীফ যখন কর্ণফুলী থানায় দায়িত্বে ছিলেন, তখন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করেছেন। অনেক চিহ্নিত অপরাধী ও মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনেছিলেন তিনি। এখন তিনি কর্ণফুলী থানা থেকে বদলি পর, সেই সুযোগে অপরাধী চক্রের দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা গল্প সাজিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একজন সৎ ও কর্মঠ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং তাদের ভাবমূর্তি নষ্ট করার একটি অপকৌশল মাত্র। এই কুচক্রী মহলটিকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন