আনোয়ারা প্রতিনিধি: টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও কর্ণফুলী নদীর জোয়ারে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট, ফসলি জমি ও বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অবস্থান করে বন্ধ হয়ে যাওয়া ড্রেন, নালা ও কালভার্টের মুখ পরিষ্কারের কাজ তদারকি করেন। কোথাও কোথাও এক্সকাভেটর ও শ্রমিক নিয়োগ করে বিকল্প নালা বা পকেট খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা জমে থাকা এবং বিভিন্ন স্থানে অবৈধ দখলের কারণে পানি স্বাভাবিকভাবে নামতে পারছিল না। টানা বৃষ্টিতে সেই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। তবে নুরুল ইসলামের উদ্যোগে ড্রেন পরিষ্কার ও বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় ইতোমধ্যে কয়েকটি এলাকার পানি কমতে শুরু করেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। দ্রুত উদ্যোগ নিয়ে ড্রেন পরিষ্কার করায় এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
মো. নুরুল ইসলাম বলেন, “টানা বৃষ্টি ও কর্ণফুলী নদীর জোয়ারে মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় যুবসমাজ ও পরিষদের সদস্যদের নিয়ে মাঠে নেমেছি। যেখানেই পানি আটকে আছে, সেখানেই ড্রেন পরিষ্কার ও বিকল্প নালা তৈরির কাজ চলছে।”
তিনি আরও বলেন, “সাময়িকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রয়োজন। যেসব ব্যক্তি পানি চলাচলের স্বাভাবিক পথ দখল বা বন্ধ করে রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন