বুধবার, ২২ জুলাই ২০২৬

শিরোনাম

ইউক্রেনে বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

বুধবার, জুলাই ২২, ২০২৬

প্রিন্ট করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রথম দিকে তার অপসারণের সঙ্গে সিরস্কির দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও পরে সেটি সত্য বলে নিশ্চিত হয়।

৩৫ বছর বয়সি মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে ৬০ বছর বয়সি সিরস্কিকে ইউক্রেনের অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক কমান্ডার হিসেবে দেখতেন, যিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কার আনতে অনাগ্রহী ছিলেন।

সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৩ বছর বয়সি জনপ্রিয় ও যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি।

দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রাপাতি বলেন, ‘আমি দায়িত্বশীলতার সঙ্গে, পূর্ণ মনোযোগ দিয়ে এবং আজ যারা আমাদের দেশ রক্ষা করছেন তাদের প্রতি সম্মান রেখে কাজ করব।’

তিনি বিদায়ী সেনাপ্রধান সিরস্কিকেও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তার ধারাবাহিক কাজের জন্য আমি কৃতজ্ঞ। আমি এ সেনাবাহিনীতেই বেড়ে উঠেছি।’

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কিও সিরস্কির সামরিক নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুর দিকে রাজধানী কিয়েভ সফলভাবে রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন