মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিরোনাম

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

প্রিন্ট করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন সম্মুখসারির এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধরেখার সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকা দোনেৎস্ক অঞ্চলে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। অঞ্চলটির প্রসিকিউটরদের বরাতে জানা গেছে, বিতর্কিত শহর কস্তিয়ানতিনিভকার কাছাকাছি দুটি এলাকায় রুশ হামলায় তিনজন নিহত হন।

এ ছাড়া ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালীভাবে সুরক্ষিত শহর ক্রামাতোরস্কের কাছে আরও একজন নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চজুড়ে এসব হামলায় মোট ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটর কার্যালয়।

প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা বলেন, পাঁচ জেলায় ৫০টির বেশি ড্রোন ও কামান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজন দিনিপ্রো নদীর উত্তর তীরে অবস্থিত নিকোপোল শহরের কাছে প্রাণ হারান। রাশিয়ার হামলার অন্যতম নিয়মিত লক্ষ্যবস্তু এই এলাকা। এ ছাড়া আরও পূর্বে সিনেকলিকোভে শহরের কাছে একজন নিহত হয়েছেন।

এদিকে সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও একটি হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন একটি বাণিজ্যিক ভবনে আঘাত হানলে একজন নিহত এবং আরও দুজন আহত হন।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তবর্তী অঞ্চল এবং সম্মুখসারির বিভিন্ন এলাকায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ জোরদার করেছে। এতে দুই দেশেরই বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বাড়ছে এবং যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন