সরকারের মেয়াদকালে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে উন্নত চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে বাধ্য না হন, সে লক্ষ্যেই সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ই-হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্যসেবা শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
তিনি বলেন, উন্নত চিকিৎসা শুধু শহরের বিত্তবান মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা বলা যায় না। প্রত্যন্ত এলাকার মানুষ, দরিদ্র জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষের কাছেও সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সবার জন্য সমানভাবে প্রাপ্য হওয়া জরুরি। এ লক্ষ্যেই সরকার দেশের স্বাস্থ্য অবকাঠামো ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চিকিৎসার জন্য রাজধানী বা বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে এবং দেশের সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন