কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কারিগরি ও চিকিৎসা সহায়তা দিতে পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৭ মে) দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা জানায়, আঞ্চলিক উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে জানা যায়, জাহাজের নিরাপত্তা, সমুদ্রযাত্রার উপযোগিতা বৃদ্ধি এবং নাবিকদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বার্তা ইতিমধ্যে ইরানের বিভিন্ন বন্দরের সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জাহাজের অধিনায়কদের কাছে পাঠানো হচ্ছে।
ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, প্রয়োজন হলে জাহাজগুলো খাদ্য ও অন্যান্য রসদ, জ্বালানি সরবরাহ, চিকিৎসা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং অনুমোদিত মেরামত–সংক্রান্ত উপকরণ পেতে পারবে।
সংস্থাটি আরও বলেছে, হরমুজ প্রণালির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও টেকসই সামুদ্রিক চলাচল নিশ্চিত করা ইরানের দায়িত্ব ও অঙ্গীকারের অংশ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই নির্দেশনা তিন দিন ধরে প্রতিদিন তিনবার করে সামুদ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও বেতার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সম্প্রচার করা হবে। পাশাপাশি জাহাজের মালিক ও অধিনায়কদের প্রয়োজনীয় সহায়তার জন্য নিকটবর্তী ইরানি বন্দরের নৌযান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র অথবা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে জরুরি বেতার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা করা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন