ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেইসঙ্গে হুথি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে রিয়াদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আল আরাবিয়া ইংলিশকে বলেন, ‘ইরানের আগ্রাসন এবং ইরান-সমর্থিত হুথি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে। একই সঙ্গে আমরা সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।
মুখপাত্র জানান, ইয়েমেনের হুথিদের মোকাবিলা করা এবং তাদের প্রতি ইরানের সমর্থনের জন্য তেহরানকে জবাবদিহির আওতায় আনা এখনো যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার।
তিনি স্মরণ করিয়ে দেন, দায়িত্ব গ্রহণের পরপরই ট্রাম্প প্রশাসন হুথিদের আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, লোহিত সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্বার্থ। এ কারণে ইরান-সমর্থিত হুথি এবং ইয়েমেনে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।






চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন