মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শিরোনাম

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৩

মঙ্গলবার, মে ৫, ২০২৬

প্রিন্ট করুন

ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবারের (৪ মে) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। খবর এনডিটিভির।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পাইলট ও কো-পাইলট নিহত হন। বিমানে থাকা আরও তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পরে আহতদের মধ্যে একজন মারা যান আর বাকি দু‘জন স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানটি সরাসরি ভবনে আঘাত হানলেও ভবনের ভেতরে থাকা কেউ আহত হননি। দমকলকর্মীরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার কোনো ‘তাৎক্ষণিক ঝুঁকি’ নেই।

টিভি গ্লোবোর একটি হেলিকপ্টার ঘটনাস্থলের কাছাকাছি ছিল এবং তারা বিমানের শেষ মুহূর্তের দৃশ্য ধারণ করে। ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নামছিল, উঁচু ভবন এড়াতে বাম দিকে মোড় নেয় এবং এরপর তিনতলা একটি ভবনে আছড়ে পড়ে পাশের একটি পার্কিং এলাকায় গিয়ে পড়ে।

দমকলকর্মীরা জানান, বিমানটি ভবনের সিঁড়িঘরে আঘাত হানে, ফলে বড় ধরনের হতাহতের আশঙ্কা কমে যায়।

দমকল বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদে ভবন থেকে বের করে আনছেন।

ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ১৫৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে মোট ৬২ জনের মৃত্যু হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন