গাজাগামী ত্রাণবাহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা দুই অধিকারকর্মীকে মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দখলদার ইসরাইল। তারা হলেন— ব্রাজিলের কর্মী থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবুকেশেক। খবর আনাদোলুর।
দীর্ঘ সময় আটকে রাখার পর রোববার (১০ মে) তাদের মুক্তি দেওয়া হয়।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে, ইসরাইলি আদালত দুই দফায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়িয়েছিল।
গত ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে গাজামুখী এই বহরে হামলা চালানো হয়। তখন বহরটি গন্তব্য গাজার প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
মানবিক সহায়তাবাহী এই বহরের প্রথম জাহাজগুলো ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে মূল বহরটি ২৬ এপ্রিল ইতালির সিসিলি দ্বীপ থেকে রওনা হয়। তাদের লক্ষ্য ছিল গাজার ওপর ইসরাইলের দীর্ঘদিনের অবরোধ ভাঙা।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। এতে উপতক্যাটির প্রায় ২৪ লাখ বাসিন্দা চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনী ব্যাপক আগ্রাসন চলছে। এতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞও সৃষ্টি হয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন