আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে। সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অটোমোবাইল ব্র্যান্ড চেরির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে চেরি সিরিজের অফিসিয়াল অটোমোটিভ পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করলো।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি ও চেরির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আসন্ন সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য সিরিজ’ (সিরিজের সেরা বাংলাদেশি খেলোয়াড়) পুরস্কারটির স্পন্সর বা অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে যুক্ত থাকবে প্রতিষ্ঠানটি। সিরিজের সেরা পারফর্ম করা বাংলাদেশি খেলোয়াড়কে চেরির পক্ষ থেকে একটি গাড়ি দেয়া হবে।
বিসিবির সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে যুক্ত হওয়াকে ইতিবাচক দেখছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বলেছেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে ‘বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।
আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া, বিশেষত গত এক-দেড়বছর সম্ভবত শেষ দুবছরে যে সুনাম নষ্ট হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডদের আসা শুরু হয়েছে। গত সিরিজেও দেখেছেন যে কিছু বাইক কোম্পানি, এমনকি এখন দেখছেন যে ই-বাইকের কিছু কোম্পানিগুলো আসছে। বিসিবি জন্য এটা ইতিবাচক দিক।
তামিম আরও বলেছেন, ‘এরকম বড় বড় প্রতিষ্ঠান যতটুকু বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো এবং আমাদের ক্রিকেটারদেরও একটা প্রণোদনা দেয়া কোন সিরিজে ভালো করার জন্য।’
বিসিবির পক্ষ থেকে এই অংশীদারিত্বকে স্বাগত জানানো হয়েছে, যা দেশের ক্রিকেটের উন্নয়নে এবং বিশেষ করে খেলোয়াড়দের উৎসাহ প্রদানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন