ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেল কোম্পানিগুলোর মুনাফা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের ওপর ‘উইন্ডফল ট্যাক্স’ বা অতিরিক্ত মুনাফার কর আরোপের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্য দেশ।
জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেনের অর্থমন্ত্রীদের যৌথ চিঠিতে এ দাবি জানানো হয়েছে। চিঠিটি আয়ারল্যান্ডের অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
বর্তমানে ইইউর ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে রয়েছে আয়ারল্যান্ড। বিষয়টি আগামী মাসে ডাবলিনে অনুষ্ঠেয় ইইউর অর্থমন্ত্রীদের বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে দেশগুলো।
এএফপির দেখা খসড়া চিঠিতে বলা হয়েছে, তেল কোম্পানিগুলোর সামগ্রিক মুনাফা এবং পরিশোধিত জ্বালানি পণ্যের মুনাফার হার অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির তুলনায় বেশি বেড়েছে। একই সময়ে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সরবরাহ সংকট তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষের অসন্তোষও বাড়ছে।
ছয় দেশ ইইউজুড়ে অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের একটি অভিন্ন কাঠামো তৈরির বিষয়ে আলোচনা চায়। এ ক্ষেত্রে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলার পর জ্বালানি কোম্পানিগুলোর ওপর আরোপ করা সাময়িক অতিরিক্ত করের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইলও এর আগে বলেছেন, সংকটের সময়ে জ্বালানি কোম্পানিগুলোকে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেওয়া উচিত নয়। তার মন্ত্রণালয়ের এক সূত্রের ভাষ্য, সংকট থেকে অর্জিত অতিরিক্ত মুনাফা ভোক্তাদের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত।
তবে ইইউ এখনও তেল কোম্পানিগুলোর ওপর নতুন কোনো উইন্ডফল ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যেও মতভেদ রয়েছে। জার্মানির ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) প্রস্তাবটির পক্ষে থাকলেও চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এর বিরোধিতা করছে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন