শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

ম্যানহাটনে নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় নিহত ২, গুরুতর আহত ৩

শনিবার, মে ১৬, ২০২৬

প্রিন্ট করুন

মনজুরুল হক: নিউইয়র্কের ম্যানহাটনের আপার ম্যানহাটন এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি ফুটপাতে উঠে একদল মানুষের ওপর উঠে গেলে দুইজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে মর্নিংসাইড হাইটস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টম্যান্টের তথ্যমতে ৬১ বছর বয়সী এক ব্যক্তি কালো রঙের মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে অ্যামস্টারডাম অ্যাভিনিউ ও ওয়েস্ট ১০৯ স্ট্রিটের কাছে উত্তরমুখী যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারান। প্রথমে গাড়িটি একটি চলন্ত গাড়িকে পাশ দিয়ে ধাক্কা দেয়। এরপর আরও দুটি পার্ক করা গাড়িতে আঘাত করে সেটি নিয়ন্ত্রণহীনভাবে ফুটপাতে উঠে যায়।
ফুটপাতে একটি নাপিতের দোকানের বাইরে কয়েকজন ব্যক্তি বসে ছিলেন। গাড়িটি তাদের ওপর উঠে গেলে পাঁচজনের মধ্যে দুজন গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের একজনের বয়স ৩৫ বছর। তিনি একটি হাসপাতালে কর্মরত ছিলেন এবং তিন সন্তানের বাবা ছিলেন।

স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, তিনি পরিবারের ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করতেন। সম্প্রতি তিনি ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্টও নিয়েছিলেন।

নিহত অপর ব্যক্তির বয়স ছিল ৪৬ বছর। তিনি একজন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় আহত অপর তিন ব্যক্তির বয়স ৩৬, ৪৪ ও ৫১ বছর। তাদের গুরুতর অবস্থায় সেন্ট লুকস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ডেভিড লরেন্স জানান, দুর্ঘটনার দৃশ্য ছিল ভয়াবহ। একটি গাড়ির নিচে একজন আটকা পড়েছিলেন। অন্য একজনকে আহত অবস্থায় দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।

ঘটনার নজরদারি ক্যামেরার ফুটেজে গাড়িটিকে অত্যন্ত দ্রুতগতিতে মোড় অতিক্রম করতে দেখা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন