রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

ক্ষমতা ছাড়তে আরও চার মাস চান নেতানিয়াহু

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

প্রিন্ট করুন

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও তিন থেকে চার মাস ক্ষমতায় থাকতে চান। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গাদি আইজেনকোটের কাছে হস্তান্তর করতে আগ্রহী তিনি। রোববার (২৯ নভেম্বর) দুই নেতার বৈঠকের আগে ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় নেতানিয়াহু এ প্রস্তাব দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার বিষয়টি বিবেচনায় নিয়ে আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চান তিনি।

তবে শনিবার প্রকাশ্যে দেওয়া প্রস্তাবে এ শর্তের কথা উল্লেখ করেননি নেতানিয়াহু। ওই প্রস্তাবে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন তিনি।

ইসরাইলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলার কথা বলে অনির্দিষ্টকাল প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষমতা ছাড়তে রাজি হতে পারেন তিনি। তবে এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন আইজেনকোট।

দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হয়েছে—এমন যুক্তি দেখিয়ে আইজেনকোটের ক্ষমতা গ্রহণ পিছিয়ে দিতে পারেন নেতানিয়াহু।

জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনার জন্য রোববার বৈঠকে বসতে সম্মত হয়েছেন দুই নেতা। এর আগে নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছিলেন আইজেনকোট। তার অভিযোগ, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি প্রায় তিন সপ্তাহ ধরে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে।

এদিকে লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন, নাকি আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের চেষ্টা করা হবে—তা নিয়ে আইজেনকোটের রাজনৈতিক জোটের মধ্যেও মতবিরোধ রয়েছে। ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের আসন ৪৮টি। সরকার গঠনে প্রয়োজন অন্তত ৬১টি আসন। অন্যদিকে আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন।

সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় চাইতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন