রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিরোনাম

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন

রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

প্রিন্ট করুন

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ ঘটনার পর অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তিনটি তেলবাহী ট্যাংকার তাদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। এ সময় একটি ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। একপর্যায়ে জাহাজটি চলাচলের ক্ষমতা হারায়। পরে বাকি দুটি ট্যাংকারও ফিরে যায়।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম-পরিচয় প্রকাশ করেনি ইরান। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে আবারও জানিয়েছে দেশটির নৌবাহিনী।

গত ১২ জুলাই হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করে ইরান। এর চার দিন আগে দেশটির ওপর নতুন করে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ নৌপথে উত্তেজনা এবং জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন