বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শিরোনাম

ইরানের আরও দুই মার্কিন ড্রোন ধ্বংসের দাবি

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

প্রিন্ট করুন

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ধ্বংস হওয়া ড্রোন দুটির একটি ‘লুকাস’ এবং অন্যটি ‘এমকিউ-৯’ সিরিজের।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন দুটি ভূপাতিত করা হয়।

এদিকে, আইআরজিসির এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন বাহিনীর বিমান অভিযানের জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার বিষয়ে মতপার্থক্যের কারণে আলোচনা থমকে যায়।

যুদ্ধ অবসানের প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যেই নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন