কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ আইআরজিসির বিবৃতির বরাতে এ তথ্য জানায়। এতে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে প্রণালিটি দিয়ে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
আইআরজিসির দাবি, জাহাজগুলো মার্কিন সামরিক বাহিনীর পাহারায় ছিল। তবে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঠেকানো সম্ভব হয়নি।
বিবৃতিতে জাহাজের মালিক, ক্যাপ্টেন ও শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর পাহারা সামুদ্রিক নিয়মকানুন এবং আইআরজিসির নৌবাহিনীর ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নির্দেশনা মানার বিকল্প নয়।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, অনুমোদনহীন পথে চলাচল কিংবা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা করাকে আগ্রাসী শক্তির সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ইরানের এসব দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন