যুক্তরাষ্ট্রের হামলা ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ হিসেবে ওয়াশিংটনের কাছে ২৯ হাজার কোটি ডলার দাবি করেছে ইরান। দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দেশটির বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এই ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ আদালতগুলোতে ২৯০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণের রায় পাওয়া গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনা এবং পরবর্তী ক্ষয়ক্ষতিও এই দাবির অন্তর্ভুক্ত।
এদিকে ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়ার অভিযোগে কয়েকটি পারস্য উপসাগরীয় আরব দেশের বিরুদ্ধেও মামলা করেছে তেহরান। আবদোলিয়ানপুর জানান, এসব দেশের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ক্ষতিপূরণ হিসেবেও এই অর্থ দাবি করা হয়েছে।
এর আগে গত জুনে শান্তি চুক্তির পথ তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। এতে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ওয়াশিংটন এবং তার আঞ্চলিক অংশীদারদের অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা প্রণয়নের কথা উল্লেখ ছিল।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন