মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিরোনাম

অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

প্রিন্ট করুন

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। তেহরানের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার দেশটির রয়েছে।

ইরান প্রথমবারের মতো স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি করছে। দেশটির আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হরমুজ প্রণালি ও দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর ওপর নির্ভরশীল হওয়ায় এই অবরোধে অর্থনৈতিক ক্ষতি বাড়ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘ সনদের ৪ ও ৫১ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ করা যাবে না। একই সঙ্গে আত্মরক্ষার অধিকারও রয়েছে।

বাঘাইয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল শুধু যুদ্ধ শুরু করেনি, নৌ অবরোধের মাধ্যমে অবৈধ বলপ্রয়োগও অব্যাহত রেখেছে। তিনি জানান, ইরানের চারপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। সংঘাত আরও বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, যুদ্ধ অবসানে তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জাতিসংঘের প্রতিনিধিদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক বিকল্পগুলো বিবেচনা করছে ইরান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন