জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন নিয়ে মতবিরোধের কারণে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা দীর্ঘ আলোচনা করেও ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৪৪ ঘণ্টা আলোচনা হলেও চূড়ান্ত চুক্তি হয়নি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তাবিত ‘আনতালিয়া চুক্তি’ প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ, চুক্তির খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।
অন্যদিকে সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার বিরোধিতা করে। তাদের যুক্তি, জলবায়ু সংকট মোকাবিলায় সব ধরনের প্রযুক্তিগত সমাধানের সুযোগ রাখা প্রয়োজন। মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আপস না করার ঘোষণা দেয়।
সম্মেলনের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীগুলোর সমালোচনা করে বলেন, তারা বৈজ্ঞানিক তথ্য বিকৃত করছে এবং কার্যকর জলবায়ু পদক্ষেপে বাধা দিচ্ছে। এর মূল্য দিতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে।
এদিকে জলবায়ু অর্থায়ন নিয়েও ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা ও অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ দিতে ধনী দেশগুলো ব্যর্থ হয়েছে। খসড়া প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল তিন গুণ করার কথা থাকলেও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সাল পর্যন্ত বছরে প্রায় ৩০০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে খসড়ায় উল্লেখ করা হয়।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, নতুন করে আর কোনো খসড়া চুক্তি তৈরি করা হবে না। প্যারিস জলবায়ু চুক্তির কাঠামোর মধ্যে আগের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং চলমান আলোচনা অব্যাহত থাকবে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন