মিশরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আগুনে ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২০টি যানবাহন পুড়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কায়রোর পাশের গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী লরিটিতে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় আশপাশের হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার। উদ্ধারকাজ ও আহতদের হাসপাতালে নিতে কয়েক ডজন অ্যাম্বুলেন্স কাজ করে।
অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে ট্রাফিক বিভাগ।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন