ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই একাদশ জানিয়ে দেওয়া অস্ট্রেলিয়ার পুরনো নীতি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে তাতে ছেদ টেনেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাকাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে একাদশ গোপন রেখে জোড়া পরিবর্তনের আভাস দিয়েছিলেন অজি অধিনায়ক। তবে সেই বক্তব্যের কিছুক্ষণ পরেই জলঘোলা শেষ করে চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কামিন্সের আভাসে পরিবর্তন অন্তত দুটি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা দাঁড়িয়েছে একটিতে।
অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে বাদ দিয়ে চার পেসার নিয়ে নামার প্রবল গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সেই ঝুঁকিতে যাননি অজি নির্বাচকরা।
একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশেই রাখা হয়েছে লায়নকে। ফলে বাদ পড়েছেন ডারউইন টেস্টে ব্যর্থ হওয়া উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারাল্ড। তার জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী ম্যাট রেনশ।
সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখে প্যাট কামিন্স বলেছিলেন, ‘এখনই একাদশ দিচ্ছি না।
উইকেট এখনো দেখিনি, কাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। লাল বলের টেস্ট ম্যাচ, তাই আরেকবার পিচ দেখেই সিদ্ধান্ত নিতে চাই।’
যদিও সংবাদ সম্মেলনের কিছু সময় পরেই নিজেদের অফিশিয়াল একাদশ প্রকাশ করে দেয় তারা।
লায়নকে রেখেই গঠিত বোলিং আক্রমণে পেস সামলাবেন অধিনায়ক প্যাট কামিন্স নিজে, সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। অলরাউন্ডার হিসেবে যথারীতি আছেন বিউ ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন।
ফলে স্কট বোল্যান্ডকে ম্যাচটি বসে বসেই দেখতে হচ্ছে।
আগামীকাল ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোরে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে। ডারউইনে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঐতিহাসিক সিরিজ জয়ের প্রহর গুনছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন