বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শিরোনাম

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় ৬৯ জন নিহত, পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

প্রিন্ট করুন

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

গত সপ্তাহে তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ-সেভিলে রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এতে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি রেল সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ হয়। ভয়াবহ এ সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।

দুর্ঘটনার পর ট্রেনটির কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশে এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি ভয়াবহ দুর্ঘটনার পর একজন পরিবহণমন্ত্রী তার পদে বহাল থাকতে পারেন না।’

এর আগে গত জানুয়ারিতে স্পেনে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার প্রসঙ্গ টেনেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দেন তিনি।

সাম্প্রতিক দুর্ঘটনাটিকে আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কম্পোসতেলায় ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছিলেন।

এদিকে আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ভয়াবহ রেল দুর্ঘটনা এবং পরিবহণমন্ত্রীর পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন