বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের ফল ঘোষণা, এগিয়ে ডেমোক্র্যাটরা

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি চারটি আসনে জয় পেয়েছে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ১২টি আসনে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকানরা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ইতোমধ্যে অন্তত নয়টি অঙ্গরাজ্যের ফলাফল আসতে শুরু করেছে। তবে কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলমান থাকায় পূর্ণাঙ্গ ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। অন্যদিকে ৩৫টি আসনে এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। ভোট গণনা ও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই হিসাব পরিবর্তিত হতে পারে।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোটগ্রহণ হয়েছে। প্রাথমিক হিসাবে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি এবং দুটি আসনে এগিয়ে রিপাবলিকানরা। তবে সিনেটের কোনো আসনেই এখন পর্যন্ত চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন