পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল। সোমবার (৪ মে) ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ গণনা কেন্দ্রে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উত্তাল জনতাকে ছত্রভঙ্গ করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।
সূত্রমতে, ভোট গণনার শুরু থেকেই গণনা কেন্দ্রের বাইরে বিভিন্ন দলের কর্মী ও সমর্থকদের ভিড় জমতে থাকে। ফলাফল আসা শুরু হতেই জয়-পরাজয়ের ব্যবধান নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ইটবৃষ্টি ও ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর।
কেন্দ্রের বাইরে থাকা ব্যারিকেড ভেঙে ফেলার উপক্রম হলে মোতায়েন থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা অ্যাকশনে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা লাঠিচার্জ শুরু করলে সমর্থকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।
নিরাপত্তা বাহিনীর এই হস্তক্ষেপের পর বিশৃঙ্খলা কিছুটা কমলেও পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে প্রবেশ ও বাহিরের পথে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে ভাব কাটেনি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন