সোমবার, ০৪ মে ২০২৬

শিরোনাম

‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’

সোমবার, মে ৪, ২০২৬

প্রিন্ট করুন

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি সাফ জানিয়ে দিয়েছেন যে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকা অবস্থায় তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।

যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরাইল ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার প্রাথমিক শর্তই হতে হবে এই হামলা বন্ধ করা।

লেবাননের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘আন-নাহার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেরি গুরুত্বারোপ করে বলেন, যেকোনো রাজনৈতিক প্রক্রিয়ার আগে বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো যুদ্ধ বন্ধ করা। ইসরাইল আক্রমণ বন্ধ করবে—এমন সুনির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নন।

নাবিহ বেরির নেতৃত্বাধীন ‘আমাল মুভমেন্ট’ এই ইস্যুতে হিজবুল্লাহর অবস্থানকে সমর্থন জানিয়েছে। তারা লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ইসরাইলি কর্মকর্তাদের সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করছে। স্পিকারের এই কঠোর অবস্থান লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে, যা ১৫ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের স্মৃতি বহনকারী এই দেশটিকে নতুন করে অস্থিরতার মুখে ঠেলে দিচ্ছে।

মূলত রাজনৈতিক সমাধানের পথে হাঁটার আগে সামরিক সংঘাত পুরোপুরি বন্ধ হওয়াকেই এখন একমাত্র পথ হিসেবে দেখছেন স্পিকার বেরি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন